ফেসবুকে ছবি দেখে হারানো ছেলেকে খুঁজে পেলেন মা-বাবা
ছোট বোনের সঙ্গে রাকিব হোসেন
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৩ | ১৬:৪৮ | আপডেট: ১১ জুন ২০২৩ | ১৬:৪৮
২০১৮ সালের আগস্টে নানাবাড়িতে যাওয়ার পথে হারিয়ে যায় শিশু মো. রাকিব হোসেন। তখন তার বয়স ছিল সাত বছর। এরপর রেলস্টেশন, বাসস্ট্যান্ড, ফুটপাত, হাট-বাজার, পুলিশ স্টেশন, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে প্রায় পাঁচ বছর কেটে যায় রাকিবের। অবশেষে রাকিবের ছবি ফেসবুকে পোস্ট করে কুষ্টিয়ার কুমারখালী থানা পুলিশ। সেই পোস্ট দেখে থানায় আসেন শিশুটির বাবা-মা।
শনাক্তকরণ ও যাচাই শেষে রোববার দুপুরে বাবা-মায়ের কাছে রাকিবকে তুলে দেয় থানা পুলিশ। রাকিব ফরিদপুরের সালথা উপজেলার জগন্নাথদী গ্রামের কৃষক মো. মোস্তফা ফকিরের ছেলে। দীর্ঘদিন পর হারানো সন্তানকে পেয়ে কেঁদে ফেলেন তার বাবা-মা। এ দৃশ্য দেখে থানার নারী ও শিশু ডেস্কের এসআই সুরাইয়া বিলকিসের চোখও ভিজে যায়।

পুলিশ জানায়, ৭ মে কুমারখালী রেলস্টেশন চত্বর থেকে রাকিবকে উদ্ধার করে পুলিশ। এরপর ফেসবুকে তার ছবি পোস্ট করা হলেও তার পরিবারের সন্ধান মেলেনি। ১১ মে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে কুষ্টিয়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে তাকে পাঠানো হয়। ৯ জুন রাকিব সেখান থেকে পালিয়ে আসে নন্দলালপুর এলাকায়। পরে স্থানীয়রা রাকিবকে ফের থানায় রেখে যায়।
এরপর পরিবারের সন্ধান চেয়ে সব থানায় বার্তা পাঠায় এবং আবারও ফেসবুকে রাকিবের ছবি পোস্ট করে পুলিশ। সেই পোস্ট দেখে রাকিবের স্বজনরা তার বাবা-মাকে খবর দেন।
রাকিবের মা রহিমা বেগম বলেন, তিনি ভেবেছিলেন ছেলে আর বেঁচে নেই। ফেসবুকে ছেলের ছবি দেখে থানায় ছুটে এসে দেখেন তাঁর ছেলে পুলিশের কাছে। ছেলেকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বাবা মোস্তফা ফকির। রাকিব তিন ভাইবোনের মধ্যে সবার বড় বলে জানান তিনি।
থানার ওসি মোহসীন হোসাইন বলেন, পুলিশ হিসেবে এমন কাজ করতে পেরে গর্বিত।