ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

মন্ত্রীর দেওয়া ত্রাণ কেড়ে নিল পৌর কর্মচারী

মন্ত্রীর দেওয়া ত্রাণ কেড়ে নিল পৌর কর্মচারী
×

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ০৯:৫৬ | আপডেট: ০৫ এপ্রিল ২০২০ | ১১:১১

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার এম হাবিজ উদ্দিন কেজি স্কুল মাঠে রোববার দুপুরে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। এ সময় মন্ত্রীর হাত থেকে ত্রাণ নেওয়া তিন অসহায় ব্যক্তির কাছ থেকে তা কেড়ে নেন পৌর কর্মচারী আরিফ। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রোববার দুপুরে দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন। মন্ত্রী চলে যাওয়ার পর ত্রাণ পাওয়া ওই এলাকার রুমা আক্তার, হাজেরা বেগম ও জসিম উদ্দিনের হাত থেকে তা কেড়ে নেন পৌরসভার কর্ম সহায়ক কর্মচারী আরিফ হোসেন। এ সময় তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন তিনি। ঘটনার আকস্মিকতায় ওই তিনজন কান্নায় ভেঙে পড়েন। এ সময় এলাকার লোকজন প্রতিবাদ করলে আরিফ তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন।

ওই তিন নারীর একজন রুমা আক্তার বলেন, 'মন্ত্রী আমাদের খাদ্যসামগ্রী দেওয়ার পর আরিফ আমিসহ তিনজনের কাছ থেকে তা কেড়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে খাদ্যসামগ্রী কিছু অংশ পড়েও যায়। আমাদের কাছে পৌরসভা থেকে দেওয়া একটি স্লিপ থাকার পরও সে ত্রাণের সব মালামাল কেড়ে নেয়।'

অভিযুক্ত আরিফ হোসেন দাবি করেন, 'মন্ত্রী যাদের খাদ্যসামগ্রী দিয়েছে তাদের সবার তালিকায় নাম ছিল না। ফলে যাদের নাম ছিল না তাদের মধ্যে একজনের খাদ্যসামগ্রী ফিরিয়ে নিয়েছি।' 

৮নং ওয়ার্ডের বাসিন্দা ও গাজীপুর জেলা কৃষকলীগের সদস্য আব্দুল হামিদ বলেন, 'মন্ত্রীর হাত থেকে ত্রাণ নেওয়া তিনজনের কাছ থেকে তা কেড়ে নিয়েছে পৌরসভার এক কর্মচারী। প্রতিবাদ করলে তারা আমাদের সঙ্গেও খারাপ আচরণ করে।'

কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত তাদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।


আরও পড়ুন

×