ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
×

প্রতীকী ছবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ১০:৪৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঞ্চলে ইসাম তানজিম হোসেন নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিম গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মোয়াজ্জেম হোসেনের ছেলে। মৃত্যুর চার দিন পর গত শনিবার দুপুরে ক্যালিফোর্নিয়ায় জানাজা শেষে সেখানেই তার মরদেহ দাফন করা হয়।

নিহত তানজিমের চাচা ডা. মো. মামুনুর রহমান জানান, পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে তার ভাই মোয়াজ্জেম হোসেন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিন সন্তানের মধ্যে তানজিমই সবার বড় ছিল। তার জন্ম যুক্তরাষ্ট্রেই।

তিনি বলেন, তানজিম খুবই মেধাবী ছাত্র ছিল। পেনসিলভানিয়া পিটসবার্গ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে শেষ সেমিস্টার পরীক্ষা দিয়ে বাসায় বসেই সফটওয়্যারের কাজ করছিল তানজিম।

করোনাভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঞ্চলের একটি বাসায় গৃহবন্দি ছিলেন তানজিম। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যার দিকে একটি হোটেল থেকে খাবার আনার জন্য বাসা থেকে বের হন তিনি। হঠাৎ একদল বন্দুকধারী তানজিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মেধাবী এই বাঙালি ছাত্রের। পরে তার লাশ উদ্ধার করে সেখানকার পুলিশ।

নিহত তানজিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুজিবুর রহমানের ভাতিজা। তিনি ভাতিজার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

আরও পড়ুন

×