সবার জন্য ত্রাণ নিশ্চিত করার আহ্বান নওফেলের
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০ | ১১:১৫ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসের এই সময়ে কে তার লোক, কে তার ভোটার, কে তার আত্মীয়- এসব চিন্তা না করে সবার জন্য ত্রাণ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এমন আহ্বান জানান।
চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদসহ সরকারি বিভিন্ন সংস্থার ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় উপমন্ত্রী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহত্তর স্বার্থে সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন। সেটা মেনেই সবাইকে সবাই যাতে ত্রাণ পান সে বিষযে নজর দিতে হবে। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের কারণে যাতে কেউ ত্রাণ পাওয়া থেকে বাদ না পড়েন সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, ত্রাণ বিতরণের সময় ভোটার দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ত্রাণ বিতরণে ভোটার আইডি কার্ডের একটি বিষয় এসেছে কিন্তু এ ক্ষেত্রে ভোটার আইডির বিষয়টি আনলে স্বাভাবিক ভাবেই ত্রাণ বিতরণে ‘ন্যাচরাল বায়াস’ চলে আসবে। এটি বাদ দিয়ে কীভাবে সবার মধ্যে সুশৃঙ্খলভাবে ত্রাণ বণ্টন করা যায় সে বিষয়ে একটি নির্দেশনা তৈরি করলে তা সবার জন্য ভালো হবে।
এদিকে, চট্টগ্রাম নগরের প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রীদের জন্য নির্মিত সাগরিকা হোস্টেল কোয়ারেন্টিনের জন্য ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হোস্টেলটিতে এখনও পর্যন্ত ছাত্রীদের ভর্তি করা হয়নি। করোনাভাইরাসে আক্রান্তদের এখানে রাখতে রোববার চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে হোস্টেলটি ব্যবহারের জন্য দেওয়া হয়েছে।
