ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

চারঘাটে শিয়ালের কামড়ে ৭ দিনে আহত ৪২

চারঘাটে শিয়ালের কামড়ে ৭ দিনে আহত ৪২
×

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৩ | ১৮:০০

চারঘাট পৌর এলাকায় শিয়ালের কামড়ে সাত দিনে ৪২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আরও ৭ জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

চারঘাট পৌরসভার মিয়াপুর, থানাপাড়া ও মেরামতপুর এলাকায় ১৪ জুন থেকে শিয়ালের হামলার ঘটনা ঘটে। ওই দিন মিয়াপুর গ্রামের ১৪ জনকে কামড়িয়েছে শিয়াল। গত মঙ্গলবার সন্ধ্যায় একই গ্রামের আরও ৩ জন আহত হন। পৌরসভার থানাপাড়া ও মেরামাতপুরেও গত ৭ দিন ধরে এ অবস্থা চলছে। শিয়ালের হাত থেকে বাঁচতে সাত দিন ধরে পাহারা বসিয়েছে গ্রামবাসী।

শিয়ালের কামড়ে আহত মিয়াপুর গ্রামের এরশাদ আলী জানান, বড়াল নদীর পাশে গরুর জন্য ঘাস কাটছিলেন। পাশের পাট ও ধঞ্চে ক্ষেত থেকে শিয়াল বেরিয়ে আচমকা কামড়ানো শুরু করে। সবকিছু রেখে পালিয়ে প্রাণ রক্ষা করেছেন তিনি। আশপাশে যাঁরা ছিলেন সবাইকে আক্রমণ করেছে শিয়ালের দল।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আতিকুল হক বলেন, প্রতিনিয়ত শিয়ালের কামড়ের রোগী আসছে। ৩৫ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। আক্রান্তদের সেবা দিতে হিমশিম অবস্থা।

তিনি আরও বলেন, শিয়ালের কামড়ে জলাতঙ্ক হতে পারে। তাই দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসকের পরামর্শ মতো ভ্যাকসিন নিতে হবে। আমাদের এখানে ৫০ জনকে দেবার মতো ভ্যাকসিন সংরক্ষিত ছিল। গত কয়েকদিনে তা শেষের পথে। তাই শিয়াল যেন কামড় দিতে না পারে সেভাবে সতর্ক হয়ে চলাচল করতে হবে। নয়তো ভ্যাকসিন সংকট দেখা দেবে।

আরও পড়ুন

×