নষ্ট হচ্ছে জব্দ করা যানবাহন
জয়পুরহাট সদর থানায় পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত গাড়ি সমকাল
শাহারুল আলম, জয়পুরহাট
প্রকাশ: ০১ জুলাই ২০২৩ | ১৮:০০
ধুলায় ধূসরিত যানবাহন। কোনোটির আসন ও দরজা নেই, কোনোটির চাকা বসে গেছে, গ্লাস উধাও। আবার কোনোটির শুধু কাঠামো পড়ে আছে। জয়পুরহাটের পাঁচটি থানা চত্বর ও আদালতের মালখানায় এভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে ১ হাজার ২০০টি যানবাহন। চোরাই পথে আসা, নিবন্ধনহীন কিংবা মাদক মামলার আলামত হিসেবে এসব গাড়ি জব্দ করা হয়।
জয়পুরহাট সদর, পাঁচবিবি, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর থানা চত্বর এবং আদালত চত্বরে পড়ে থাকা যানবাহনের মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল। এ ছাড়া রয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপ, নছিমন-করিমন। জায়গার অভাবে এসব গাড়ি সংরক্ষণ করা যাচ্ছে না। বছরের পর বছর রোদ-বৃষ্টি আর ধুলায় যন্ত্রাংশে মরিচা ধরে ভাঙাড়িতে পরিণত হয়েছে। ফলে কমে যাচ্ছে বাজারদর। আইনগত প্রক্রিয়া শেষ না হওয়ায় এগুলো নিলামে বিক্রি বা বৈধ মালিকদের ফেরত দেওয়ার সুযোগও নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসীম আল বারী বলেন, অনেক মোটরসাইকেল মালিকের প্রকৃত কাগজপত্র নেই। কোনো কোনো গাড়ির তুলনায় রেজিস্ট্রেশন কিংবা মামলার খরচ বেশি। এসব মালিক আদালতে মামলা পরিচালনায় অনীহা প্রকাশ করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, পুলিশের হাতে আটক যানবাহনগুলোর প্রকৃত জিম্মাদার মুখ্য বিচারিক হাকিম আদালত। সেখানে পর্যাপ্ত জায়গা না থাকায় এসব গাড়ি থানা চত্বরে রাখা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন বলেন, কোটি টাকার গাড়ি রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে। আইনি জটিলতা থাকায় এসব গাড়ি নিলামে না তুলতে পারায় রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
এভাবে আলামত জমতে থাকা প্রসঙ্গে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, মামলার বাদী ও সাক্ষী উভয়েই পুলিশ। বদলিজনিত কারণে অনেক সময় তাঁরা সাক্ষ্য দিতে আসেন না। বিচারক সংকটের কারণেও মামলা নিষ্পত্তি হতে সময় লাগছে। ফলে যানবাহন নিলামে বিক্রি বা প্রকৃত মালিককে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।
জয়পুরহাট কোর্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বলেন, জেলায় বিভিন্ন সময় আটক যানবাহনের সংখ্যা ১ হাজার ২০০টি। এগুলো সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা থানা বা আদালতে নেই। তবে মোটরসাইকেলের গুণগত মান ঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- যানবাহন
- জব্দ
- নষ্ট
- যানবাহন জব্দ
