লকডাউন ঘোষণার পর বাজার থেকে ডাল-তেল-আলু ‘উধাও’
ফাইল ছবি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ১০ এপ্রিল ২০২০ | ০৮:৫৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বরগুনার আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণার সঙ্গে সঙ্গে বাজার থেকে ডাল, তেল, পেঁয়াজ, আলুর মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজার থেকে উধাও হয়ে গেছে। এক ধরনের অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরি করে এ কাজটি করেছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের।
জানা গেছে, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। এ ঘটনায় শুক্রবার বিকেল ২টায় বরগুনা জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণা করেন। মানুষকে সচেতন করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে উপজেলার সর্বত্র মাইকিং করা হয়েছে। পুলিশ আমতলীর প্রবেশ পথে চেকপোষ্ট বসিয়েছে। আর লকডাউন ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্য বিভিন্ন বাজার থেকে উধাও হয়ে গেছে। মানুষ দোকানে দোকানে ঘুরেও এসব পণ্য খুঁজে পাচ্ছেন না।
ক্রেতা শহীদুল ইসলাম, জসিম, আলমগীর ও সোহরাব হোসেন বলেন, লকডাউনের ঘোষণার সঙ্গে সঙ্গে আমতলীর বিভিন্ন দোকান থেকে আলু, পেঁয়াজ, মসুর ডাল ও তেল উধাও হয়ে গেছে। ৫-৭টি দোকান ঘুরেও কোনো মালামাল পেলাম না। দোকানদাররা বলছেন, এ সকল মালামাল নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, গত বুধবার আড়ত থেকে যে পণ্য এনেছিলাম তা প্রায় শেষ। এখন আড়ত মালিকরা মাল দিচ্ছেন না। তারা মাল লুকিয়ে রেখেছেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, লকডাউনকে পুঁজি করে কোন ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সঙ্কট তৈরি করে দাম বৃদ্ধি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
