ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২৬

চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো প্রায় ২৩ হাজার টাকায়

চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো প্রায় ২৩ হাজার টাকায়
×

ছবি: সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২০:৫৬

চাঁদপুরের বড়স্টেশন মৎস্য অবতরণকেন্দ্রের পাইকারি বাজারে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে। মৌসুমের শুরুতেই ইলিশের এমন দাম স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপকূল থেকে ধরা ২ কেজি ৯৯০ গ্রাম ওজনের ইলিশটি চাঁদপুরের বড়স্টেশন মাছ বাজারে আনা হয়। পরে অনলাইনের মাধ্যমে রাজধানীর এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করা হয়।

শান্তি আড়তের কর্মী সম্রাট জানান, এদিন বড় সাইজের ইলিশের প্রতি মণের দাম ওঠে ৩ লাখ ৫ হাজার টাকা। সে হিসাবে প্রতি কেজির দাম পড়ে ৭ হাজার ৬২৫ টাকা। বড় আকারের ইলিশের চাহিদা বেশি থাকায় মাছটির এমন দাম পাওয়া গেছে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত বলেন, চলতি মৌসুমে এর আগে সর্বোচ্চ ১৪ হাজার টাকায় একটি ইলিশ বিক্রি হয়েছিল। তার দাবি, গত ১০ থেকে ২০ বছরের মধ্যে চাঁদপুরের এই বাজারে প্রায় ২৩ হাজার টাকায় একটি ইলিশ বিক্রির ঘটনা তার জানা নেই।

আড়ত ব্যবসায়ীরা জানান, ইলিশের পূর্ণ মৌসুম এখনো শুরু হয়নি। তবে দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদী থেকে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ ধরা পড়ছে। বড় আকারের ইলিশের সরবরাহ কম থাকায় বাজারে এর দাম তুলনামূলক বেশি।

শান্তি আড়তের সম্রাট বলেন, মৌসুম পুরোদমে শুরু হলে বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। তখন দামে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে বর্তমানে বড় আকারের ইলিশ কম আসায় উচ্চমূল্য পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন

×