হাতিয়ায় পুলিশ পরিচয়ে দোকান লুট, আটক ৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৯:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
নোয়াখালীর হাতিয়ায় পুলিশ পরিচয়ে দুটি দোকান লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আটকরা হলো- ওছখালী গরুর ব্যাপারি নাছিরের ছেলে রাসেল, তমরদ্দি ৯ নম্বর ওয়ার্ডের ছুকু মেম্বারের ছেলে ওছমান ও পুলিশের পিয়ন রাজিব।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তমরদ্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে দুটি মোটরসাইকেল নিয়ে পাঁচ যুবক পুলিশ পরিচয়ে আকবর ও ফরিদের দোকানের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তিনটি মোবাইল ও ২০ হাজার টাকা নিয়ে পাশের আরেকটি দোকান ভাঙতে যায়।
এ সময় কথিত পুলিশের ভয়ে দোকানের সামনে আড্ডারত বেশ কয়েক যুবক ভয়ে পালিয়ে ইউনিয়ন পরিষদ অফিসের নিচে আশ্রয় নেয়। সেখানে স্থানীয় সাংবাদিক সাইফুল ইসলাম দোকান ভাঙার দৃশ্য দেখে মোবাইল ফোনে হাতিয়া থানার ওসিকে জানান। এ সময় তিনি জানতে পারেন, এ ধরণের কাজে কোনো পুলিশ পাঠানো হয়নি।
এরপর সাংবাদিক সাইফুলসহ উপস্থিত লোকজন প্রতারক চক্রকে চ্যালেঞ্জ করলে তিনজন পালিয়ে যায়। এ সময় দু'জনকে আটক করে পুলিশে সোপর্দ করেন তারা। পরে জড়িত থাকার অভিযোগে হাতিয়া থানার পিয়ন রাজিবকে আটক করা হয়।
বিষয়টি জানার পর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম সাদা পোশাকে পুলিশ বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বা বাড়িতে অভিযানে গেলে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ নির্দেশ দেন তিনি।
