ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

চট্টগ্রামে আরও ৩ করোনা রোগী শনাক্ত

চট্টগ্রামে আরও ৩ করোনা রোগী শনাক্ত
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ০৯:২৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামে নতুন করে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের  সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

শনিবার রাতে বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।

নতুন করে আক্রান্তদের সবাই পুরুষ। দুইজনের বয়স ৫০ ও একজনের ৬৯। এদের মধ্যে চট্টগ্রাম জেলার দুইজন এবং লক্ষ্মীপুর জেলার একজন। চট্টগ্রামে দুইজন আক্রান্তের মধ্যে একজন এরই মধ্যে মারাও গেছেন।

ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নতুন আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ জনে। এর আগে শুক্রবার রাতে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়।

ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, ‘বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরা সবাই পুরুষ। এদের মধ্যে একজন পাহাড়তলীর সিডিএ মার্কেট এলাকার ও  অন্যজন সাতকানিয়া আলী নগরের ইছামতি এলাকার বাসিন্দা। তৃতীয় জনের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দানপাড়া কোদাল বাড়ি এলাকায়।‘

তিনি বলেন, আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো আছে। তাদের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। নতুন করে আক্রান্তদের যাবতীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। আক্রান্তদের বাড়ি লকডাউনের প্রক্রিয়া চলছে। এর আগে চট্টগ্রামে সাতজনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত ৫৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনা মোকাবিলায় গঠিত স্বাচিপের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান সমকালকে বলেন, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে সাতকানিয়ার ইছামতি এলাকার একজন বাসিন্দা গত বৃহষ্পতিবার করোনা সংক্রমণ নিয়ে মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। ওই ব্যক্তি মারা গেলেও তার সংস্পর্শে আসাদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন

×