হবিগঞ্জ জেলা কার্যত লকডাউন, প্রবেশ নিষিদ্ধ
সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ এপ্রিল ২০২০ | ১১:২১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
করোনাভাইরাসে আক্রান্ত একজন রোগী শনাক্ত হওয়ার পর হবিগঞ্জ জেলা কার্যত লকডাউন করা হয়েছে। সিলেটের পর বিভাগের দ্বিতীয় জেলা হিসেবে হবিগঞ্জ লকডাউন ঘোষণা করা হলো।
শনিবার থেকে হবিগঞ্জ জেলায় প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সামাজিক দুরত্ব নিশ্চিতের জন্য পাশ্ববর্তী বিভিন্ন মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে।
হবিগঞ্জের জেলা প্রশাসক কামরুল ইসলাম সমকালকে বলেন, অন্য জেলা থেকে হবিগঞ্জে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এজন্য জেলার প্রবেশ পথে চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে জরুরি সেবা ও পণ্যবাহী গাড়ি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এছাড়া সদর আধুনিক হাসপাতাল সংলগ্নসহ আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
এই হাসপাতালে করোনাআক্রান্ত রোগীকে আইসোলেশনে রাখা হয়েছে। দুই দিন ধরে হাসপাতালে ভর্তি থাকার পর শনিবার করোনা পরীক্ষার রিপোর্টে ওই ব্যক্তির আক্রান্ত হওয়া নিশ্চিত হন চিকিৎসকরা।
হবিগঞ্জ সদরের বাসিন্দা আক্রান্ত ওই ব্যক্তি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেন।
