ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

চাল বিতরণে অনিয়ম, কুমিল্লায় আ’লীগ নেতাসহ দু’জনের ডিলারশিপ বাতিল

চাল বিতরণে অনিয়ম, কুমিল্লায় আ’লীগ নেতাসহ দু’জনের ডিলারশিপ বাতিল
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০ | ২৩:০০ | আপডেট: ১৪ এপ্রিল ২০২০ | ২৩:৩৪

কুমিল্লায় সরকারি চাল বিতরণে অনিয়ম ও অবৈধভাবে গোডাউনে মজুদ রাখায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিসহ দুই জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকায় ৩ জনের কাছ থেকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার বিকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজার এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামে পৃথক অভিযানে এ দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ সরকারি চাল বিতরণ না করে নালঘর বাজারের একটি গোডাউন ও একটি মুদি দোকানে লুকিয়ে রেখেছেন- খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌদ্দগ্রাম উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আল-আমিন সরকার জানান, নালঘর বাজারে একটি ভূষির গোডাউন থেকে ৫৩০ কেজি এবং মুদি দোকান থেকে ৫৪৮ কেজিসহ ১০৭৮ কেজি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকায় ডিলার আব্দুস সামাদকে ৫০ হাজার টাকা এবং মুদি দোকানদার মনির হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আব্দুস সামাদ নালঘর গ্রামের আব্দুস সোবহানের ছেলে এবং মনির হোসেন ছেওরিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। আব্দুস সামাদের ডিলারশীপ বাতিলের জন্য সংশ্লিষ্ট কমিটিকে জানানো হয়েছে। 

এদিকে জেলার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নে চাল বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন ছাত্রলীগ নেতা নুরুজ্জামান সরকারের ডিলারশিপ বাতিল করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ। দুপুরে দারোরা এলাকায় তদন্তে গিয়ে ৩৯০ কেজি চাল বিতরণে অনিয়মের প্রমাণ পেয়ে ওই ছাত্রলীগ নেতার ডিলারশিপ বাতিল করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন

×