সেপটিক ট্যাঙ্কে নেমে প্রাণ গেল বাবা-ছেলের
প্রতীকী ছবি
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১১:১০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ১১:১০
বরিশালের বানারীপাড়ায় সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবুল কালাম হাওলাদার ও তাঁর ছেলে কামরুল ইসলাম হায়দার।
কামরুল ইসলাম হায়দার (৪৩) সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন। এক পর্যায়ে তাঁর হাতে থাকা বালতি ট্যাঙ্কের ভেতরে পড়ে যায়। বালতি তুলতে ট্যাঙ্কে নেমে তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় ছেলেকে উদ্ধারে সেপটিক ট্যাঙ্কে নামেন বাবা আবুল কালাম হাওলাদার (৭০)। তিনিও অচেতন হয়ে পড়েন। স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্যাঙ্কে জমে থাকা বিষাক্ত গ্যাস অথবা অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বানারীপাড়া থানার ওসি এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
