কুমিল্লায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩৪ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১০:৩৫
কুমিল্লায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরুড়া উপজেলার ঝালগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালগাঁও গ্রামের আব্দুস সাত্তার (৬০) ও খোরশেদ আলম (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি জমি নিয়ে আব্দুস সাত্তারের প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান আছে। সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাদের বাধা দেয়। এ সময় সাত্তারের হাতে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় খোরশেদ আলমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে দুপুরে মারা যায়। একই ঘটনায় জয়নালের লোকেরা ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজন নিয়ে সাত্তারকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে। তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ভবানীপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান বলেন, জমি নিয়ে দুই পক্ষের বিরোধে এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, জমি নিয়ে বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে। নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি।
