ফরিদপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
ফরিদপুর অফিস ও আলফাডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫০ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫০
ফরিদপুরের আলফাডাঙ্গায় ছয় বছর বয়সী এক মেয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাহিন মোল্লা (১৯) নামে এক তরুণের বিরুদ্ধে। শিশুটি সাতদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন।
গত শুক্রবার বিকেলে মাহিন উপজেলার বুরাইচ ইউনিয়নের বাসিন্দা মাহিন শিশুটিকে ধর্ষণ করে বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
মাহিন মোল্লা স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র।
শিশুটির নানা (শিশুটির মায়ের মামা) জানান, ঘটনার দিন বিকেলে শিশুটি বাড়ির কাছে একটি পুকুর পাড়ে ঘুরতে যায়। ওই সময় মাহিন তাকে একা পেয়ে পুকুড় পাড়ে একটি পাঠখড়ির গাদায় নিয়ে ধর্ষণ করে। ওইদিন সন্ধ্যায় শিশুটির পরিবারের সদস্যরা তাকে প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মেডিকেলে নেওয়ার পর শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা সেবা দেওয়ার পর বৃহস্পতিবার শিশুটিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন।
শিশুটির নানা অভিযোগ করেন, শিশুটির পরিবার দরিদ্র হওয়ায় এবং ধর্ষক তরুণের পরিবার অবস্থাপন্ন হওয়ায় এলাকাবাসী মামলা না করার জন্য শিশুটির পরিবারের ওপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছে।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত ওই তরুণকে আটকের জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে।
তিনি বলেন, শিশুটির পরিবারকে দ্রুত মামলা দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া মাত্রই মামলাটি এজাহারভুক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ধর্ষণ
- ধর্ষণের অভিযোগ
- শিশু ধর্ষণের অভিযোগ
