ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

যবিপ্রবিতে করোনার নমুনা পরীক্ষা শুরু, প্রথম দিনে সবকটি নেগেটিভ

যবিপ্রবিতে করোনার নমুনা পরীক্ষা শুরু, প্রথম দিনে সবকটি নেগেটিভ
×

ফাইল ছবি

যশোর অফিস

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ১২:০১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে শুক্রবার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে। প্রথমদিনে পরীক্ষা করা হয় ১৩ জনের নমুনা। এদিন প্রত্যেকটি নমুনা পরীক্ষাতেই ফলাফল মিলেছে নেগেটিভ। অর্থাৎ এদিনের নমুনাগুলোর কোনটির মধ্যে করোনা রোগী পাওয়া যায়নি। ১৩টি নমুনাই যশোর সদরসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে পাঠানো হয়।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ইতিমধ্যে পরীক্ষার ফলাফলসমূহ জেলার স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন আরও বলেন, যবিপ্রবির জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। এর বেশিও নমুনা পরীক্ষার সক্ষমতা ও জনবল আমাদের আছে। তবে এটা নমুনা সরবরাহের ওপর নির্ভর করবে। যশোর ছাড়াও নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা থেকে এখানে নমুনা পাঠানো হবে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, নমুনা পরীক্ষার ফলাফল তিনি হাতে পেয়েছেন এবং সেটা ঢাকায় আইডিসিআর এ পাঠানো হচ্ছে।

তিনি বলেন, নিজ নিজ উপজেলা স্বাস্থ্য বিভাগের মাধ্যমে নমুনা সংগ্রহের পর সিভিল সার্জনের কার্যালয় করোনা সন্দেহভাজন রোগীদের নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠাবে। ফলে যবিপ্রবিতে কোনো রোগীর আসার প্রয়োজন নেই।      

জিনোম সেন্টারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, আমরা নমুনা পরীক্ষার জন্য প্রয়োজনীয় (বিএসএল-২) সতর্কতা অবলম্বন করবো। এখানে করোনা সন্দেহভাজন কোনো রোগীও আসবে না। ফলে বিশ্ববিদ্যালয় বা এর আশপাশের বাসিন্দাদের কোনো স্বাস্থ্যঝুঁকি নেই। 

আরও পড়ুন

×