রামেকের করোনা ওয়ার্ডে কলেজছাত্রের মৃত্যু, নমুনা সংগ্রহ
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ২৩:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নাটোরের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ওই ছাত্রের নাম মনির গাজী (১৯)। সে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার আলম গাজীর ছেলে ও মাধনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
রামেক হাসপাতাল সূত্র জানায়, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মনির গাজীকে শুক্রবার দুপুরে রামেক হাসপাতালে আনা হয়। পরে তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার সকাল ৭টার দিকে সে মারা যায়।
মনির গাজীর পিতা আলম গাজী জানান, এক সপ্তাহ আগে মনিরের শরীরে হাম বের হয়। এরপর জ্বর আসে। পরে গ্রামের ডাক্তার তাকে এন্টিবায়োটিক, জ্বর ও ব্যথার ওষুধ দেন। এরপর থেকে তার হাত-পা, ঘাড় বাঁকা হয়ে যাচ্ছিলো। তখন নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা জানান তার শরীরের পটাশিয়াম কমে গেছে। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তিনি জানান, তার ছেলের করোনার কোন উপসর্গ ছিলো না।
রাজশাহী মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডের চিকিৎসক ডা. মামুন জানান, করোনা সন্দেহে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পরই বোঝা যাবে সে করোনায় আক্রান্ত ছিলো কি না।
