মাতৃগর্ভে গুলিবিদ্ধ সেই সুরাইয়ার পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান
ছবি: সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২০ | ১২:০৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মাগুরায় ২০১৫ সালে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার পরিবারকে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে মাগুরা সদর উপজেলা প্রশাসন।
মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান শনিবার বিকালে নিজে সুরাইয়ার বাড়িতে গিয়ে তার চা দোকানী বাবা বাচ্চু ভূঁইয়ার কাছে চাল, ডাল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্য সামগ্রী হস্তান্তর করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়ার উপার্জনের একমাত্র চায়ের দোকান করোনা পরিস্থিতির কারণে গত মাসের ২৬ তারিখ থেকে বন্ধ রয়েছে। এ কারণে সৃষ্ট আর্থিক সংকটের বিষয়টি লোক মারফত তাকে জানান সুরাইয়ার বাবা। বিষয়টি জেনে শনিবার বিকেলে শহরের দোয়ারপাড় এলাকায় সুরাইয়াদের বাড়িতে গিয়ে তিনি খাদ্যসামগ্রীসহ ব্যক্তিগতভাবে কিছু নগদ অর্থ বাচ্চু ভূঁইয়ার হাতে তুলে দেন।
সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া বলেন, শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বাড়িতে নিজে এসে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও কিছু নগদ অর্থ সহায়তা করেন এবং পরবর্তীতে আরও সহায়তার আশ্বাস দেন। চরম অভাবের সময়ে তার এই সহায়তা পেয়ে তিনি উপকৃত হয়েছেন বলে জানান।
