নিখোঁজের তিনদিন পর ভেসে উঠল স্কুলছাত্রের লাশ
প্রতীকী ছবি
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ০৯:৩৮ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ০৯:৩৮
মানিকগঞ্জের সিংগাইরে কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে সিফাত হোসেন (১৬) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়।
আজ সোমবার সকাল ৭টার দিকে সিংগাইরের সায়েস্তা ইউনিয়নের জিয়ানগর বস্তির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) সিংগাইরের সীমান্তবর্তী নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সিফাত হোসেন উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের প্রবাসী নুরুল ইসলাম ওরফে মান্নানের ছেলে। সে সাহরাইল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
জানা গেছে, গত শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কালীগঙ্গা নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়। সিফাত ও ওয়াসিমসহ ২০-২৫ জন বন্ধু মিলে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নৌকাবাইচ দেখতে যায়। এ সময় আয়োজক কমিটির ট্রলারের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। এতে সিফাতসহ ৭-৮ জন যাত্রী নিখোঁজ হয়। সবাইকে উদ্ধার করা হলেও ওয়াসিম ও সিফাত খোঁজ হয়। পরদিন ওয়াসিমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ থাকে সিফাত।
সিফাতের মামা চারিগ্রাম ইউপির চেয়ারম্যান দেওয়ান রিপন হোসেন জানান, রোববার নদীতে খোঁজাখুঁজি করেও সিফাতের সন্ধান পাওয়া যায়নি। আজ সোমবার সকাল ৭টার দিকে মোসলেমাবাদ এলাকার জিয়ানগর বস্তির ঘাটে সিফাতের মরদেহ ভাসতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুল ইসলাম সমকালক বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- মানিকগঞ্জ
- কালীগঙ্গা নদী
- নৌকাবাইচ
