জয়পুরহাটে আরও একজন করোনা রোগী শনাক্ত
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০১:৩৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোটমানিক এলাকায় নতুন করে আরও একজনের শরীরে করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার প্রথম দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর জেলা প্রশাসক জাকির হোসেন জয়পুরহাট জেলাকে লকডাউন ঘোষণা করেছিলেন। বর্তমানে লকডাউন পুরো জেলায় অব্যাহত আছে।
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা জানান, সোমবার রাতে রাজশাহী থেকে তিনজনের নমুনা পরীক্ষার মধ্যে রিপোর্টে একজনের করোনা পজেটিভি এবং দুইজনের নেগেটিভ এসেছে।
তিনি জানান, আক্রান্ত ব্যক্তি কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। রিপোর্ট পেয়ে তাকে আক্কেলপুর হেলথ টেকনিক্যাল ইনস্টিটিউটের আইসোলেশনে রাখা হয়েছে। আগের আক্রান্ত দুইজনকেও আইসোলেশনে রাখা হয়েছে।
সিভিল সার্জন জানান, করোনা টেস্টের জন্য গত কয়েকদিনে জেলা থেকে ২৪২ জনের নমুনা রাজশাহীতে পাঠানো হয়েছে। যাদের মধ্যে ১০৪ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে তিনজনের রিপোর্ট পজেটিভ এসেছে।
