খুলনায় করোনার উপসর্গে ২ জনের মৃত্যু
খুলনা ব্যুরো
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০২:৪০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মঙ্গলবার দু'জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয় সকালে হাসাপতালে নেওয়ার পর। অপরজন মারা যান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি মেডিকেল কর্মকর্তা ডা. আশরাফুর রহমান জানান, সকাল পৌনে ৯টার দিকে নুরুজ্জামান খান (৪৩) নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান। তার করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি-না।
নুরুজ্জামান খান রূপসা উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা। তিনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। স্বজনরা জানান, নুরুজ্জামান পাঁচ দিন ধরে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়েরিয়ায় আক্রান্ত ছিলেন।
এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মঙ্গলবার ভোর ছয়টার দিকে যক্ষ্মায় আক্রান্ত ফেরদৌসি আরা (৭০) নামের এক নারী মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্বাসকষ্ট থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ১৪ এপ্রিল ফেরদৌসি আরাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি খুলনা নগরীর লবণচরা এলাকার বাসন্দিা।
