টাঙ্গাইলে টিসিবির মালামাল জব্দ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০২:৪৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনের তালাবদ্ধ একটি কক্ষ থেকে টিসিবির বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার রাতেই মামলা হয়েছে। জব্দ করা টিসিবির ওই মালামালের মালিক পলাতক রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী থানা পুলিশ পৌর সুপার মার্কেটের নবনির্মিত ভবনে অভিযান চালিয়ে টিসিবির এ মালামাল জব্দ করেছে।
স্থানীয়রা জানান, ধনবাড়ী পৌরসভা কর্তৃক পুরান কাপড় হাটিতে পৌর সুপার মার্কেট নির্মাণ শেষে দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মার্কেটের প্রতিটি কক্ষ তালাবদ্ধ। এরই একটি কক্ষ থেকে পুলিশ টিসিবির বিপুল পরিমাণ এ মালামাল জব্দ করেছে।
ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদা খানম জানান, টিসিবির মালামাল বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে মালামালের পরিমাণসহ বিস্তারিত জানা যাবে।
ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্বোধন হওয়ার অপেক্ষায় পৌরসভার নবনির্মিত মার্কেটের একটি তালাবদ্ধ ঘর থেকে ৪০ বস্তা ছোলা ও ২ লিটারের ৭২ বোতল সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। তেল টিসিবির প্রমাণ পাওয়া গেলেও ছোলা টিসিবির কিনা জানা যায়নি। এসব মালের মালিক পাওয়া যায়নি বলেও তিনি জানান।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা জানান, এ ব্যাপারে ধনবাড়ী থানায় সোমবার রাতেই মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
