ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চট্টগ্রামে ভূমিমন্ত্রী

প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগম ঘটবে

প্রধানমন্ত্রীর জনসভায় ১০ লাখ মানুষের সমাগম ঘটবে
×

বৈরাগ ইউনিয়নের কেইপিজেড মাঠে সমাবেশস্থল পরিদর্শন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো ও আনোয়ারা সংবাদদাতা

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৩ | ১৬:৪০ | আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ০৯:০৭

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, চট্টগ্রামের আনোয়ারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে আনোয়ারার ঘরে ঘরে আনন্দ শুরু হয়ে গেছে। সবার মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। 

শুক্রবার বৈরাগ ইউনিয়নের কেইপিজেড মাঠে সমাবেশস্থল পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। 

২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর আনোয়ারায় দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি বক্তব্য দেবেন।

পরিদর্শনকালে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী রনি, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মান্নান চৌধুরী, সিনিয়র সহসভাপতি আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

একই দিন ভূমিমন্ত্রী নগরীর মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। মন্ত্রী জীবনকে জানা ও বোঝার জন্য সবাইকে বেশি বেশি বই পড়তে আহ্বান জানান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি নুরে আলম মিনা, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের তত্ত্বাবধানে প্রকাশিত ও সাহাবউদ্দিন মজুমদার সম্পাদিত ‘সংগ্রামে-আন্দোলনে গৌরবগাথায় শেখ হাসিনা’ আলোকচিত্র সংকলনের মোড়ক উন্মোচন করেন ভূমিমন্ত্রীসহ অতিথিরা। অনুষ্ঠান শেষে বইমেলা উপলক্ষে আয়োজিত রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

×