ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

মানুষকে ঘরে রাখতে পুলিশের ‘ডোর টু ডোর শপ’

মানুষকে ঘরে রাখতে পুলিশের ‘ডোর টু ডোর শপ’
×

বগুড়ায় চালু হলো ‘ডোর টু ডোর শপ’ ব্যবস্থা- সমকাল

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৬:১৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২০ | ০৬:২৫

মহামারী করোনার কবল থেকে নিজে এবং পরিবারকে রক্ষা করতে বগুড়ায় ‘ডোর টু ডোর শপ’ ব্যবস্থা চালু করেছে পুলিশ।

নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে হাট-বাজারে না গিয়ে ঘরে বসেই পণ্য পাওয়া যাবে এই উদ্যোগে। আনুষ্ঠানিকভাবে বৃস্পতিবার থেকে এর কার্যক্রম শুরু হয়েছে। 

দুপুরে শহরের সাতমাথায় ‘ডোর টু ডোর শপ’ ব্যবস্থার উদ্বোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা। এ সময় তিনি বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে আপনাকে যেতে হবেনা, দোকান আপনার বাড়িতে যাবে।

সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন সরাসরি কৃষকের কাছ থেকে শাক-সবজি কিনে সকাল থেকে শহরের বিভিন্ন পাড়ামহল্লায় রিকসা-ভ্যানে করে বিক্রি করা হবে। শাক-সবজির সঙ্গে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যও বিক্রি করা হবে। দামও তুলনামূলকভাবে বাজার থেকে কম হবে। প্রতিদিনের পণ্য প্রতিদিনেই বিক্রি করা হবে। কোন প্রকার বাসি শাক-সবজি বিক্রি করা হবেনা।

প্রাথমিক পর্যায়ে মোট ১৯ টি ভ্যানে করে এভাবে পণ্য বিক্রি চালু করা হয়েছে। প্রয়োজন হলে এ সংখ্যা বাড়ানো হবে। ভ্যানচালকরা দৈনিক পারিশ্রমিক পাবেন। একজন বিক্রেতা থাকছেন স্বেচ্ছাসেবী হিসেবে। এই ‘ডোর টু ডোর শপ’র জন্য একটি করে ছোট  প্যানা ফেস্টুন লাগানো আছে। এটা দেখে ক্রেতারা যাতে সহজেই বুঝতে পারেন; তার জন্য এ ব্যবস্থা। সেখানে মোবাইল নম্বরও দেয়া আছে। প্রয়োজনে যে কোনও সময় ফোন করলেও পণ্য বাসা-বাড়ির সামনে হাজির হয়ে যাবে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) সনাতন চক্রবর্তী বলেন, মহামারী করোনা থেকে নিজে ও পরিবারকে রক্ষা করতে মানুষকে ঘরে রাখার জন্য জেলা পুলিশের এটি আরেকটি উদ্যোগ। পণ্য কেনার জন্য হাট-বাজারে যেতে হবেনা, টাটকা শাক-সবজি ও পণ্য নিয়ে বাসা-বাড়ির সামনে হাজির হবে ‘ডোর টু ডোর শপ’।

তিনি আরও জানান, ক্রেতারা ন্যায্যমূলে পণ্য কিনতে পারবেন। অনেক সময় দেখা যায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেনা, তাদের অনেকেই ‘ডোর টু ডোর শপ’র কাছে শাক-সবজি বিক্রি করার সুযোগ পাবেন।

আরও পড়ুন

×