খুলনায় করোনার নমুনা সংগ্রহকারীর করোনা শনাক্ত
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৬:৪৬
খুলনার রূপসা উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত প্রকৌশলী নুর আলম খানের দুই ছেলের নমুনা সংগ্রহকারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হলেন রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান শাহারুল (৪৮)। তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, গত মঙ্গলবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত রূপসা উপজেলার রাজাপুর গ্রামের মোবাইল সার্ভিসিং প্রকৌশলী নূর আলম খান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। মঙ্গলবার রাতে ইপিআই টেকনিশিয়ান শাহারুল নুর আলম খানের দুই ছেলেসহ ছয়জনের এবং বুধবার সকালে নুর আলম খানের স্ত্রীসহ তিনজনের নমুনা সংগ্রহ করেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করে দেখা গেছে, নুর আলম খানের স্ত্রী করোনায় আক্রান্ত নন। কিন্তু নমুনা সংগ্রহকারী শাহারুল আক্রান্ত। তাকে খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, বুধবারের পরীক্ষায় মৃত নুর আলমের দুই ছেলে করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছিল।
খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মোট ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজন করোনা পজেটিভ, তিনি হলেন ওই শাহরুল।
