মারামারি করতে জড়ো হয়েছেন তারা
সংঘর্ষে জড়ানো এক পক্ষের লোকজন -সমকাল
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৭:০৭
পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে কালীগঞ্জে দু-গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলাকালে ৪-৫টি বাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহতদের কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার সিংদহ আমতলা বাজারে পারশ্রীরামপুর ও আলুকদিয়া গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন সোহেল ঘটনাস্থলে এসে দু’পক্ষকে ডেকে ঘটনার মিমাংসার আশ্বাস দেন।।
সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডেন মেম্বার তোহিদুল ইসলাম জানান, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে উপজেলার আলোকদিয়া গ্রামবাসীর সঙ্গে পার্শবর্তী শ্রীরামপুর গ্রামের লোকজনের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধ মেটাতে তিনি গত মঙ্গলবার সকালে দুই গ্রামের বাসিন্দাদের ডেকে মিমাংসা করে দেন। কিন্তু পরদিন বুধবার বিকালে আবারো আলোকদিয়া গ্রামের লোকজন শ্রীরামপুর গ্রামে গিয়ে একজনকে ধরে নিয়ে যাবার চেষ্টা করলে গ্রামবাসীরা তাদের ধাওয়া করে। এক পর্যায়ে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে পারশ্রীরামপর গ্রামের বায়েজিদ ও জিয়াউর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে ওই গ্রামের সাবেক মেম্বার আশরাফুল ইসলামসহ ৪-৫ জনের বাড়িঘর ভাঙচুর করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, দু’ গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে উভয়পক্ষই পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি।
