ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

জয়নগর ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে চাল আত্মসাতের মামলা

জয়নগর ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে চাল আত্মসাতের মামলা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৮:৫৯

গরিব মানুষের জন্য বরাদ্দ দেওয়া ২৮০ কেজি চাল আত্মসাতের অভিযোগে নড়াইলের জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দীন চৌধুরী ও এই পরিষদের সচিব শেখ মো. মহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোর এর সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। আসামি দুইজন পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহারে হয়, নড়াইল জেলার নড়াগাতী থানার ৭নং জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন চৌধুরী ও একই ইউনিয়নের সচিব শেখ মো. মহিদুল ইসলাম পরস্পর যোগসাজশে সরকাররের জি.আর কর্মসূচির আওতায় ত্রাণের ২৮০ কেজি চাল আত্মসাত করেন। প্রতারণা, জালিয়াতি করে ওই পরিমাণ চাল আত্মসাতের সব ধরনের প্রমাণ রয়েছে দুদকের হাতে।

আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি করা হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল হতদরিদ্র নারীদের মাঝে ২ হাজার ৫৫০ কেজি সরকারি চাল বিতরন না করে আত্মসাতের অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জার্জিদ মোল্লার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলাটির তদন্ত চলছে।

আরও পড়ুন

×