দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত
আবুল হাসনাত মাসুদ। ছবি: সংগৃহীত
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩ | ১৭:০৩ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ | ১৭:৩৭
কুষ্টিয়ার দৌলতপুর সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত মাসুদ (৩৫) নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া- প্রাগপুর সড়কের কল্যাণপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার কল্যাণপুর গ্রামের খলিল মন্ডলের ছেলে। এ সময় উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা নামে আরেকজন আহত হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় সেলিম রেজা ও আবুল হাসনাত মাসুদ মোটরসাইকেলে করে তারাগুনিয়া থেকে কল্যাণপুরে ফিরছিলেন। কল্যাণপুরের বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডিম বোঝাই নসিমন তাদের মোটরসাইকেলকে জোরে ধাক্কা মারে। এতে মোটরসাইকেলের চালক সেলিম রেজা ও তার পেছনে বসে থাকা আবুল হাসনাত মাসুদ ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় নসিমটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে থাকা যুবদল নেতা মাসুদের শরীরের উপর দিয়ে চালিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় মাসুদ ও সেলিমকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় সেলিম রেজা চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার সকালে জানাজার শেষে মাসুদের দাফন হবে বলে নিহত মাসুদের বাবা খলিল মন্ডল জানিয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নসিমনটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী গাড়িচালকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে আবুল হাসনাত মাসুদের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
- বিষয় :
- কুষ্টিয়া
- দৌলতপুর
- যুবদল
- আবুল হাসনাত মাসুদ
