ঝিনাইদহে প্রথম করোনা রোগী শনাক্ত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৩:১৭ | আপডেট: ২৫ এপ্রিল ২০২০ | ০৪:২২
ঝিনাইদহে এক স্কুল শিক্ষকসহ দুইজনের শরীরে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এর মধ্য দিয়ে ঝিনাইদহে প্রথম করোনা রোগী শনাক্ত হলো। আক্রান্তদের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। তারা সম্প্রতি ঢাকা ও ফরিদপুর থেকে ঝিনাইদহে আসেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। শনিবার সকালে পরীক্ষার ফলাফল পৌঁছানোর সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ঝিনাইদহে প্রথম করোনা রোগী ধরা পড়ায় মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে ১৯টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে দুই জনের করোনা পজেটিভ এসেছে। এদের একজন ঝিনাইদহ শহরের হাসান ক্লিনিক এলাকার এক নারী স্কুল শিক্ষক। তিনি চন্ডিপুর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি গত ২০ এপ্রিল ঢাকার মহাখালী থেকে মাইক্রোযোগে স্বামীর সঙ্গে ঝিনাইদহ আসেন। তবে তার স্বামীর নমুনা নেগেটিভ পাওয়া গেছে। অন্যজন হচ্ছেন, কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের একজন পুরুষ শ্রমিক। তিনি ফরিদপুর উপজেলার ভাঙ্গা এলাকায় শ্রমিকের কাজ করতেন। করোনা আক্রান্ত রোগীরা কি অবস্থায় আছেন, তা দ্রুততার সঙ্গে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন।
যবিপ্রবির অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও জিনোম সেন্টারের সহকারি পরিচালক অধ্যাপক ইকবাল কবীর জাহিদ গণমাধ্যমকে জানান, ল্যাবে সর্বশেষ ঝিনাইদহের ১৯টি পরীক্ষা করে দুইজনের শরীরে করোনা শনাক্ত হয়।
এদিকে জেলায় করোনা রোগী শনাক্ত হলেও শহরে নিয়ন্ত্রণহীন ছোট যানবাহনগুলো। ৭/৮ জন যাত্রী নিয়ে চলাচল করছে ইজিবাইক। রিক্সা ও মোটরসাইকেলেও একাধিক যাত্রী চলাচল করছেন। স্বাস্থ্য বিভাগের সুপারিশের পরও জেলা লকডাউন না করায় ক্ষুব্ধ সচেতন মহল। সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের চিকিৎসক ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, সারাদেশে যেভাবে করোনা রোগী শনাক্ত হচ্ছে, তাতে সামাজিক দূরত্ব বজায় না রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই এখনই সবার উচিৎ স্বাস্থ্যবিধি মেনে চলা, যথাসম্ভব ঘরে থাকা।
- বিষয় :
- ঝিনাইদহ
- করোনার প্রাদুর্ভাব