ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

যবিপ্রবিতে ৯৫ নমুনা পরীক্ষায় ১২ করোনা রোগী শনাক্ত

যবিপ্রবিতে ৯৫ নমুনা পরীক্ষায় ১২ করোনা রোগী শনাক্ত
×

যশোর অফিস

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০ | ০৭:৫৯

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জিনোম সেন্টারে (ল্যাবে) ৯৫টি নমুনা পরীক্ষায় আরও ১২জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি যশোর জেলার ৯ জন রয়েছে। বৃহস্পতি ও শুক্রবার পাঁচটি জেলার নুমনা পরীক্ষায় তিনটি জেলায় ১২ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদিন মাগুরা ও চুয়াডাঙ্গা জেলায় রোগী শনাক্ত হয়নি। এ নিয়ে যবিপ্রবি ল্যাবে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যবিপ্রবি জিনোম সেন্টারে বৃহস্পতি ও শুক্রবার ৯৫টি নমুনা পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ৪১টি নমুনায় ৯ জন রোগী, ঝিনাইদহ জেলায় ২০টি নমুনায় ২ জন রোগী, নড়াইলে ২২টি নমুনায় একজন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মাগুরায় ১১টি নমুনা ও চুয়াডাঙ্গার একটি নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।

এরআগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে বুধবার ৬ষ্ঠ দিনের নমুন পরীক্ষায় ১২ জন কোভিড-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি চুয়াডাঙ্গা জেলায় ৬ জন রোগী। এছাড়া যশোরে ২ জন, কুষ্টিয়ায় ২ জন, মেহেরপুরে একজন ও মাগুরায় একজন রোগী শনাক্ত হয়েছিল। বুধবার ৭ জেলা থেকে ৮৬টি নমুনা পাঠানো হয়েছিল। তাদের মধ্যে থেকে পরীক্ষার পর ওই রোগী শনাক্ত হয়েছে।  

আর মঙ্গলবার ৫ম দিনে যবিপ্রবি ল্যাবে ৬৫ নমুনা পরীক্ষায় ১৩ জন কোডিভ-১৯ পজিটিভ রোগী শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল নড়াইলে ৫ জন। তার মধ্যে ৪ জন চিকিৎসক ছিলেন। এছাড়া যশোরে ৪ জন, কুষ্টিয়ায় ২ জন, মাগুরা ও মেহেরপুরে একজন করে করোনা রোগী শনাক্ত হয়। তিন দিনে এখানে মোট ৩৭ জন রোগী সনাক্ত হলো। 

ফলে এ পর্যন্ত যশোরে ১৫ জন, চুয়াডাঙ্গা ও নড়াইলে ৬ জন করে, কুষ্টিয়ায় ৪ জন, ঝিনাইদহে দু’জন এবং মেহেরপুর ও মাগুরায় দু’জন করে রোগী শনাক্ত হলো। যবিপ্রবিতে ৭টি জেলার নমুনা পরীক্ষা হচ্ছে। 

আরও পড়ুন

×