ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নওগাঁয় আ.লীগ ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ

নওগাঁয় আ.লীগ ও জাতীয় পার্টির প্রার্থীকে শোকজ
×

শহিদুজ্জামান সরকার ও তোফাজ্জল হোসেন (ডানে)- ফাইল ছবি

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩ | ১১:৫০ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৩ | ১২:৩৮

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নওগাঁ-২ আসনের বর্তমান সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থী শহিদুজ্জামান সরকার ও একই আসনের জাতীয় পার্টির প্রার্থী তোফাজ্জল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। 

মঙ্গলবার বিকেলে দুইজনকে আলাদা পত্রের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে।

নওগাঁ-২ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সিনিয়র সহকারী জজ মো. আহসান হাবিব সমকালকে এ বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০ নভেম্বর তারিখে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সংসদ সদস্য শহিদুজ্জামান সরকারের উপস্থিতিতেই দলীয় নেতাকর্মীরা মটোরসাইকেল শোডাউন করে। আর ৩ ডিসেম্বর থেকে কয়েকদিন জাতীয় পার্টি প্রার্থী অ্যাডভোকেট তোফাজ্জাল হোসেনের লোকজন রঙিন ব্যানার ফেস্টুন লাগিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তা বিভিন্ন গণমাধ্যমসহ বেশ কিছু জায়গায় উঠে আসে। যা নির্বাচনী আচরবিধিমালার ২০০৮ এর ৬ (ঘ) ও ১২ নং বিধির সুস্পষ্ট লঙ্ঘন। তাই আগামী ১০ ডিসেম্বর দুপুরে অস্থায়ী সিনিয়র সহকারী জজ আদালতের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয় চিঠিতে। 

তবে ফোন রিসিভ না করায় এ বিষয়ে শহিদুজ্জামান সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন জানান, তিনি মিছিল-মিটিং করেননি বরং অন্যরা আচরণবিধি ভঙ্গ করছেন। কেবলমাত্র নিজ আসনে জাতীয় পার্টির একটি দলীয় অফিস উদ্বোধন করেছেন বলেও জানান তিনি।

এই দুই প্রার্থীর আচরণবিধি ভঙ্গের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মাওলা কিছু বলতে রাজি হননি।

আরও পড়ুন

×