ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

নমুনার ফল আসেনি ১৩ দিনেও

নমুনার ফল আসেনি ১৩ দিনেও
×

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২০ | ০৫:২৯

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গত ১৪ এপ্রিল থেকে নারায়ণগঞ্জে বেসরকারি প্রতিষ্ঠান জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্য সেবা (জেকেজি) নামে একটি প্রতিষ্ঠান করোনা উপসর্গ আছে এমন রোগীদের নমুনা সংগ্রহ করছে। প্রথম থেকেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠার পর এবার এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরেকটি অভিযোগ। এ প্রতিষ্ঠানের মাধ্যমে সংগৃহিত নমুনার গত ১৩ দিনের কোনো ফলাফল পায়নি রোগীরা। এ নিয়ে চরম ক্ষোভ বিরাজ করছে ভুক্তভোগীদের মধ্যে। নমুনা প্রদানের পর দীর্ঘ সময় পরেও ফলাফল না পেয়ে হতাশ হয়ে পড়ছেন অনেকেই। 

মোহাম্মদ নামে ওই ব্যক্তি গত ১৯ এপ্রিল নমুনা দিয়েছিলেন। সেই নমুনার ফলাফল এখনো পাননি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, 'জেকেজির বুথে আমি আক্রান্ত কিনা সেটি জানতে গত ১৯ এপ্রিল দুপুরে নমুনা প্রদান করি, যার ফলাফল আজও পাইনি।'

এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি গত ১৩ দিন আগে ১৯ এপ্রিল নমুনা পরীক্ষার জন্য জেকেজির বুথে নমুনা দিয়ে এলেও এখনো তার ফলাফল পাইনি। এরকম আরও অনেকেই পায়নি বলে শুনেছি।'

জেকেজি হেলথ কেয়ারের মিডিয়া রিলেশন কর্মকর্তা হুমায়ুন কবির হিমুর কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 'এটি তো আমাদের কাজ না। আমরা শুধু নমুনা সংগ্রহ করে দেই। ফলাফল পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর। নেগেটিভ পজিটিভ যাই হোক ফলাফল উনারাই পাঠান আর এ ব্যাপারটি উনারাই বলতে পারবেন।'

এ ব্যাপারে নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ বলেন, 'আমাদের জেলা স্বাস্থ্য বিভাগ ও আমি জেকেজির ব্যাপারে কিছুই জানি না। তারা কীভাবে নমুনা সংগ্রহ করে, কার কাছে পাঠায়, কীভাবে ফলাফল দেয় তাও জানি না। তাদের নমুনা সংগ্রহ কত জনের কিংবা কত জন প্রতিদিন শনাক্ত হয় সেটিও আমি বলতে পারবো না।'

আরও পড়ুন

×