করোনাকালে কী করছেন সিলেট বিভাগের এমপিরা
বাঁ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। ফাইল ছবি
চয়ন চৌধুরী, সিলেট
প্রকাশ: ০২ মে ২০২০ | ০৬:২১ | আপডেট: ০২ মে ২০২০ | ০৭:২৮
করোনা সংকটে মানুষের শাকসবজি বা মাছের মতো পুষ্টিগুণ সমৃদ্ধ খাবারের অভাব পূরণে এগিয়ে এসেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। প্রায় ৫০০ পরিবারকে তিনি বিনামূল্যে মাছ, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়েছেন।
গত ১৬ এপ্রিল ফেঞ্চুগঞ্জ উপজেলার সদরে নিজের মালিকানাধীন মার্কেটের সামনে মাছ, সবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে বসেন সিলেট-৩ আসনের (ফেঞ্চুগঞ্জ-দক্ষিণ সুরমা-বালাগঞ্জ) এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। প্রায় ৫০০ পরিবার সামাজিক দূরত্ব বজায় রেখে সেখান থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিয়ে যান।
করোনার সংক্রমণ প্রতিরোধে গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা ও লকডাউনের কয়েকদিন আগে থেকেই এলাকায় অবস্থান করেন এমপি কয়েস। এলাকাবাসীর মাঝে ব্যতিক্রমী ত্রাণ বিতরণকালে তিনি বলেন, এই দুর্যোগপূর্ণ সময়ে সবাই মানুষের মধ্যে চাল বিতরণ করছেন। কিন্তু তাদের যে আরও কিছু সামগ্রীর প্রয়োজন, তার উপলব্ধি থেকেই এই উদ্যোগ গ্রহণ করেছি।
অন্যদিকে সিলেট-১ (সদর-নগর) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষায় নিয়েছেন ব্যতিক্রমী ব্যবস্থা। চালু করেছেন হোয়াটস্অ্যাপ গ্রুপ। এ ছাড়া অসহায়-হতদরিদ্রদের সহযোগিতায় গড়ে তুলেছেন ‘মোমেন ফাউন্ডেশন’।
গত ২১ এপ্রিল যাত্রা শুরুর পর প্রথমদিনে নগরীর টিলাগড় এলাকায় পররাষ্ট্রমন্ত্রীর অর্থায়নে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে ২শ' পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গত ২৭ এপ্রিল নগরীর গোয়াইপাড়া, কালাশার মাজার, বড়বাজার, কলবাখানিসহ আশপাশের এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করে মোমেন ফাউন্ডেশন।
সিলেট-৪ আসনের এমপি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ নিয়মিত এলাকার মানুষের খোঁজ নিচ্ছেন। একইভাবে ঢাকায় অবস্থান করলেও সিলেট-৫ আসনের এমপি হাফিজ আহমদ মজুমদার ও সিলেট-৬ আসনের এমপি, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নিজ এলাকার ত্রাণ বিতরণ কার্যক্রম নজরদারি করছেন।
সুনামগঞ্জ জেলার সংসদ সদস্যের মধ্যে প্রায় সকলেই এলাকায় ত্রাণ বিতরণের পাশাপাশি চলতি মৌসুমে হাওরে ধান দ্রুত কাটার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন। এদের মধ্যে সুনামগঞ্জ-৩ আসনের এমপি পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান রাষ্ট্রীয় ব্যস্ততার মধ্যে বুধবার এলাকায় ঘুরে গেছেন। সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহরিয়ার ধান কাটায় কৃষকদের উৎসাহ দিচ্ছেন।
মৌলভীবাজার-১ আসনের এমপি পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন এলাকায় না এলেও ঢাকা থেকে মানুষের খোঁজখবর নিচ্ছেন বলে জানা গেছে। তিনি নেতা-কর্মীদের মাধ্যমে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। মৌলভীবাজার-৩ আসনের নেছার আহমদ ও মৌলভীবাজার-৪ আসনের উপাধ্যক্ষ আব্দুস শহীদ এলাকায় ত্রাণ বিতরণের পাশপাশি মানুষের খোঁজখবর রাখছেন।
হবিগঞ্জ-১ আসনের গাজী মো. শাহনেওয়াজ মিলাদ ও হবিগঞ্জ-২ আসনের আব্দুল মজিদ খান সরকারি ত্রাণ বিতরণ তদারকি করছেন। এ ছাড়া হবিগঞ্জ-৩ আসনের আবু জাহির এলাকায় অবস্থান করে নিজ উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।