ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রাম-১৫

গানম্যান চেয়ে সিইসির কাছে নদভীর আবেদন

গানম্যান চেয়ে সিইসির কাছে নদভীর আবেদন
×

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। ছবি-সংগৃহীত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩ | ১৪:২২ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৩ | ১৫:৩৭

চট্টগ্রাম-১৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও তাঁর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরী নিজেদের নিরাপত্তার জন্য গানম্যান চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আবেদন করেছেন।  

বুধবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নিকট এ আবেদন করেন তিনি। 

আবেদনে নদভী বলেন, আমাকে এবং আমার স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীকে প্রতিনিয়ত নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হচ্ছে। প্রচারণায় অংশ নিতে গিয়ে ইতোমধ্যে একাধিক বার স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি। চরতিতে আমার স্ত্রীর নেতৃত্বে নৌকার প্রচারণাকালে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীদের হামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ২০ জন আহত হয়েছে। এওচিয়ায় নৌকার পক্ষে উঠান বৈঠক চলাকালে স্বতন্ত্র প্রার্থীর সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে গুলি বর্ষণ করেছে। সাতকানিয়া সদর ইউনিয়নে প্রচারণায় যাওয়ার সময় চিব্বাড়ি উচ্চ বিদ্যালয় এলাকায় আমার ওপর হামলার চেষ্টা করেছে। এর আগে আমার সমর্থক ব্যবসায়ী রিয়াজ উদ্দিন রিয়াদের বাড়িতে গুলি করা হয়েছে। 

আবেদনে তিনি বলেন, নৌকার পক্ষে গণজোয়ার দেখে স্বতন্ত্র প্রার্থী মোতালেব সন্ত্রাসীদের দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। মোতালেবের বহিরাগত সন্ত্রাসীরা এখন এলাকায় অবস্থান করছেন। তিনি বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহার করে কেন্দ্র দখল করার ষড়যন্ত্র করছেন। বর্তমানে আমার সঙ্গে কোন গানম্যান নেই। ফলে আমি এবং আমার স্ত্রী নিরাপত্তাহীনতায় রয়েছি। এজন্য আমার এবং আমার স্ত্রী কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য রিজিয়া রেজা চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব বলেন, আমরা শুরু থেকেই শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আবু রেজার সন্ত্রাসীরা আমার সমর্থক পশ্চিম ঢেমরশা ইউপি চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনের বাড়িতে গুলি বর্ষণ করেছে। মাইক কেড়ে নিচ্ছে, পোস্টার লাগাতে বাধা দিচ্ছে। আমার কোন লোক তাদের ওপর হামলা করেনি। এগুলো মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ। 

আরও পড়ুন

×