রোহিঙ্গা যুবককে ঘর থেকে নিয়ে গুলি করে হত্যা করল আরসা
ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪ | ০০:১৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ | ০০:২২
কক্সবাজারের উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পে ঘর থেকে তুলে নিয়ে মো. ইয়াছিন (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা)। রোববার রাত ১০টার দিকে জামতলী-১৫ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ওই ক্যাম্পের সি-১ ব্লকের আব্দুল বারির ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন রোহিঙ্গা নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর।
তিনি বলেন, রোববার রাতে আরসার সন্ত্রাসীরা ক্যাম্পের ভেতর থেকে ইয়াছিনকে তুলে নিয়ে যাওয়ার পর গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে এপিবিএনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ ইয়াছিনকে উদ্ধার করে ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সন্ত্রাসীদের ধরতে ক্যাম্পে অভিযান চলছে বলে জানান এপিবিএন কর্মকর্তা।
- বিষয় :
- গুলি
- গুলিতে নিহত
- রোহিঙ্গা শরণার্থী
- হত্যা
