ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের আরও ৭ সীমান্তরক্ষী

বাংলাদেশে পালিয়ে এলো মিয়ানমারের আরও ৭ সীমান্তরক্ষী
×

বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সীমান্তরক্ষীরা। ফাইল ছবি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ০৯:৫০ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:৫৮

মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাজ্য রাখাইনে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে ক্ষমতাসীন জান্তা বাহিনীর লড়াইয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও ৭ জন সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসেছিলেন ১০৬ জন সদস্য। এ নিয়ে মোট ১১৩ জন বিজিপি সদস্যের বাংলাদেশে প্রবেশের ঘটনা ঘটল। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ তথ্য নিশ্চিত করেছে। 

মঙ্গলবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সমকালকে জানিয়েছেন, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত বিজিপির ১১৩ জন সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। 

দেশটিতে চলা সংঘাতে এরই মধ্যে মিয়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশে দুজনের মৃত্যু হয়েছে। এখনও মিয়ানমার থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা অব্যাহত আছে। 

তিন দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় মিয়ানমারের সরকারি বাহিনী ও দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলছে। পাশাপাশি কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমানপাড়া, ধামনখালী ও রহমতবিল সীমান্তের ওপারে ঢেঁকিবুনিয়া ও উংচি বান এলাকায় থেমে থেমে গোলাগুলি, মর্টার শেল ও বোমাবর্ষণের ঘটনা ঘটছে।

গত বছরের ২৭ অক্টোবরে অপারেশন ১০২৭ নামে জান্তাবিরোধী অভিযান শুরু করেছে আরাকান আর্মি। এরপর থেকে তারা উত্তরাঞ্চলীয় শান রাজ্যের বেশিরভাগ এলাকা দখল করে নিয়েছে। তার মধ্যে ২০টি শহর এবং চীনের সঙ্গে বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ রয়েছে। গত সপ্তাহ থেকে বাংলাদেশ সীমান্তেও সংঘর্ষ ভয়ংকর রূপ নিয়েছে। দুপক্ষের ছোড়া গুলি ও মর্টার শেল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে। 
 

আরও পড়ুন

×