ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

কোটালীপাড়ায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

কোটালীপাড়ায় দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ
×

বাড়ি ঘরে হামলা- সমকাল

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৫:২৭ | আপডেট: ০৮ মে ২০২০ | ০৫:৩৩

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দু’দল গ্রামবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে ৫জন আহত হয়।

বৃহস্পতিবার উপজেলার হিরণ ইউনিয়নের বর্ষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।গ্রামে গত ৬মাসে বিভিন্ন সময়ে সংঘর্ষের ঘটনায় ৯টি মামলা হয়েছে। 

স্থানীয় সুত্রে জানাগেছে, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বর্ষাপাড়া গ্রামের হাসান বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে আলিল বিশ্বাসের বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে প্রায়ই গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার রাতে আলিল গ্রুপের জামশেদ বিশ্বাস ও কালা বিশ্বাস প্রতিপক্ষ হাসান বিশ্বাস গ্রুপের অনিক বিশ্বাসকে মারধর করেন। এরই সুত্র ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ৫জন আহত হয়। আহত ফায়েক বিশ্বাস (৫৫), কালাম বিশ্বাস(৪৫) ও সরাফত মোল্লাকে(৪০) উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবারের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে হাসান বিশ্বাসের লোকজন শুক্রবার সকালে সংঘবদ্ধ হয়ে আলিল বিশ্বাস গ্রুপের নজরুল বিশ্বাস, বাচ্চু বিশ্বাস, আকবর বিশ্বাস ও আলিল বিশ্বাসের বাড়িসহ অর্ধশত ব্যক্তির বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালায়। 

গৃহবধূ রিনা বেগম ও মুনজিলা বেগম বলেন, হাসান বিশ্বাসের লোকজন সকালে হঠাৎ করে আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায় । তারা আমাদেরকেও গালিগালাজ এবং মারধর করেন। তারা আমাদের উপর যে নারকীয় তাণ্ডব চালিয়েছে তা ৭১কে হার মানিয়েছে। 

এ ব্যাপারে হাসান বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি লুটপাটের কথা অস্বীকার করে বলেন, আলিল বিশ্বাসের লোকজন আমার লোকজনকে মারধর করায় আমার লোকজন আলিল বিশ্বাসের লোকজনের বাড়ি ঘর ভাংচুর করেছে। 

আলিল বিশ্বাস বলেন, আমার লোকজন হাসান বিশ্বাসের কোন লোকজনকে মারধর করেনি। হাসানের লোকজন এলাকায় প্রভাব বিস্তারের জন্য আমার লোকজনকে মারধর ও বাড়ি ঘর ভাংচুর করেছে। 

কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, বর্ষাপাড়া গ্রামে গত ৬মাসের সংঘর্ষের ঘটনায় ৯টি মামলা হয়েছে। গতকাল ও আজকের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো। এদিকে বর্ষাপাড়া গ্রামের অবস্থা বর্তমানে শান্ত রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন

×