ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বরিশালে ইজিবাইক চালককে নির্যাতনে হত্যা

বরিশালে ইজিবাইক চালককে নির্যাতনে হত্যা
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৫:২৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

বরিশাল নগরীতে জাকির হোসেন (৩২) নামের এক ইজিবাইক চালককে নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। যাত্রী তোলা নিয়ে বিরোধের জেরে অপর এক ইজিবাইক চালক জাকিরকে নির্যাতন করেছে বলে তার স্বজনরা অভিযোগ করেন। 

শুক্রবার দুপুর ১টার দিকে জাকিরকে উদ্ধার করে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পর চিকিৎক মৃত ঘোষণা করেন। 

স্বজনদের দাবি, মৃত্যুর আগে জাকির বলেছেন, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। কে বা কারা নির্যাতন করেছে- এ বিষয়ে কিছু বলে যেতে পারেননি তিনি। জাকির হোসেন বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকার ছোমেদ গাজীর ছেলে। তিনি ৩ মেয়ের জনক। 

তার ভাতিজা মো. আল আমিন জানান, শুক্রবার সকাল ৭টার দিকে রামপট্টি বাজারে যাত্রী তোলা নিয়ে অপর এক অটোচালকের সঙ্গে জাকিরের হাতাহাতি হয়। ওই সময় তিনি (আল আমিন) সেখানেই বিষয়টি মিটমাট করে দিলে দু'জনে যাত্রী নিয়ে বরিশাল শহরের দিকে চলে যান। এরপর দুপুর ১২টার দিকে জাকির হোসেন তার বড় ভাই আমির হোসেনকে (আল আমিনের বাবা) ফোন করে জানান যে, তাকে মারধর করা হয়েছে। তার শরীর খুব খারাপ লাগছে। দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার আকুতি জানান জাকির। এরপর আমির হোসেন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে জাকিরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। গড়িয়ারপাড় বাজার এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে তাকে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম জানান, গড়িয়ারপাড় এলাকায় জাকির অসুস্থ হয়ে পড়ার পর তিনি সেখানে গিয়েছিলেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ।

আরও পড়ুন

×