জয়পুরহাটে করোনা উপসর্গে গার্মেন্টস কর্মীর মৃত্য, দাফন করলেন স্বেচ্ছাসেবীরা
জানাজা ও দাফনে অংশ নেন স্বেচ্ছাসেবীরা- সমকাল
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৫:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
জযপুরহাটের পাঁচবিবিতে করোনা উপসর্গে নারায়ণগঞ্জফেরত এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে।
মৃত্যুর পর ওই ব্যক্তির জানাজার নামাজ পড়তে গ্রামবাসীরা এগিয়ে না আসলেও সেচ্ছাসেবীরা তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন করেছেন।
মৃত মছির উদ্দিন (৬০) উপজেলার রাইগ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান হবিবর রহমান জানান, মছির উদ্দিন দীর্ঘদিন ধরে ঢাকার নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করতেন। তিনি গত মঙ্গলবার শরীরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে তার স্ত্রীকে সাথে নিয়ে নিজ গ্রামে ঢুকতে চাইলেও গ্রামবাসীদের বাধার মুখে তিনি গ্রামে ঢুকতে পারেননি।
তিনি জানান, পরে ওই ইউনিয়নের বড়পুকরা গ্রামে তার শ্বশুরবাড়িতে গেলে সেখানেও গ্রামবাসীরা মছির উদ্দিনসহ তার পরিবারকে ওই গ্রাম থেকেও বাহির করে দেন। পরে চেয়ারম্যানের মধ্যস্থতায় মছির উদ্দিন ও তার স্ত্রী রাইগ্রাম স্কুল ঘরে আশ্রয় নেন। জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট অবস্থায় বৃহষ্পতিবার দিবাগত রাতে তিনি মারা যান।
স্থানীয় সেচ্ছাসেবী ফিরোজ হোসেন বলেন, রাতে খবর পেয়েছি উপজেলার রাইগ্রামে নারায়ণগঞ্জ ফেরত এক গার্মেন্টস কর্মী মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই করোনা আতঙ্কে স্থানীয়রা ওই পরিবারের কাউকে লাশের পাশে যেতে দেয়নি। রাত গভীর হওয়ার কারণে আমরা ৫জন সেচ্ছসেবী যানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করি।
এ ব্যাপারে জয়পুরহাট সিভিল সার্জন ডা. সেলিম মিঞার সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে ওই অফিসের আরেক কর্মকর্তা শ্যামল কুমার তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সিভিল সার্জন অফিসের স্বাস্থ্যকর্মীরা মছির উদ্দিনের নমুনা সংগ্রহের পর তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।