বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৬:০৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বরিশাল-ঢাকা মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজার এলাকায় এবং গৌরনদীর বাটাজোরে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহতরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরের বাসিন্দা সালাউদ্দিন (৩০) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চৈতা এলাকার বাসিন্দা রিয়াজুল (২৮)। পৃথক দুটি দুর্ঘটনায় আহতরা হলেন- সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের ছাত্র কাওসার হোসেন (২৫), সিএনজি চালক মো. রাসেল (২৩) এবং যাত্রী আলাউদ্দিন (৬০)।
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান ফিরদাউস এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় বরিশাল থেকে গৌরনদীতে যাচ্ছিলেন তিনজন। গৌরনদীর বাটাজোর মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালকসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রিয়াজুল নামের যাত্রীকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে নগরী থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় রহমতপুর যাচ্ছিলেন সালাউদ্দিন ও আলাউদ্দিন নামের দুই ব্যক্তি। রহমতপুর কৃষি ইনস্টিটিউটের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় অটোরিকশাটি। এতে দুই যাত্রীকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক সালাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। ইজিবাইক চালক হাসপাতাল থেকে পালিয়ে যান।
বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রকিব দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।