ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দেবীদ্বারে এক পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত

দেবীদ্বারে এক পরিবারের ৫ জন করোনায় আক্রান্ত
×

দেবীদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৬:০৯ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এক পরিবারে ৫ জনসহ আরও মোট ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে মোট ৩৭ জনের। তাদের মধ্যে মারা গেছেন ৫ জন। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে এটি কুমিল্লা জেলার মধ্যে সর্বোচ্চ।

দেবীদ্বার পৌর এলাকাসহ উপজেলায় এখন পর্যন্ত ৮টি গ্রামে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। এগুলো হলো- দেবীদ্বার সদর, ছোট আলমপুর, চাপানগর, গুনাইঘর, বড়কামতা, বাগুর, নবীয়াবাদ ও ভৈষেরকুট। করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যে দেবীদ্বার উপজেলাকে রেড জোন ঘোষণা করেছে  স্থানীয় প্রশাসন।

দেবীদ্বার স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত বুধবার দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুরের এক ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়। খবর পেয়ে তাদের তিনতলা বাড়িটি লকডাউন করেন উপজেলা প্রশাসন। এরপর ওই পরিবারের সব সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত আরটিপিসিআর ল্যাব পাঠানো হয়। শুক্রবার দুপুরে পাওয়া রিপোর্টে ওই পরিবারের ৫ সদস্যের করোনা পজিটিভ আসে। এছাড়া গত ৫ মে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া নবীয়াবাদ গ্রামের আতিকুল ইসলামের (৬০) নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ এসেছে।

উপজেলার সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবির বলেন, 'শুক্রবার একই পরিবারের ৫ জনের করোনা পজেটিভ এসেছে। তাদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এর আগে গত ৬ মে ওই পরিবারের এক ব্যক্তির করোনা পজেটিভ এলে বাড়িটি লকডাউন করা হয়। এছাড়া বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে করোনা আক্রান্ত দু'জন চিকিৎসা নিচ্ছেন।'


আরও পড়ুন

×