ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

সিলেটে ঈদের আগে খুলছে না কোনো মার্কেট

সিলেটে ঈদের আগে খুলছে না কোনো মার্কেট
×

ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৬:২২ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

সিলেটে করোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কায় জনস্বাস্থ্য বিবেচনায় ঈদের আগে খুলছে না নগরীর কোনো মার্কেট ও বিপনী বিতান। শুক্রবার দুপুরে নগর ভবনে নগরীর ব্যবসায়ী নেতাদের বৈঠকে  এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবু তাহের মো. শোয়েব এতথ্য নিশ্চিত করেন। 

চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ব্যবসায়ীরা স্বপ্রণোদিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তারা এপ্রিল মাসে নিজেদের দোকানের কর্মচারীদের বেতনভাতা পরিশোধের কথাও বলেছেন। করোনার সংক্রমণ প্রতিরোধে নগরীর রাস্তাঘাটে যত্রতত্র ভ্রাম্যমাণ ব্যবসা বন্ধ রাখতে সিটি করপোরেশনের সহায়তা চাওয়া হয়েছে। 

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ব্যবসায়ী নেতারা ঈদের আগে নগরীর ব্যবসা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারে সবাই একমত হন। বৃহস্পতিবার নগরীর নয়াসড়ক এলাকার ব্যবসায়ী সমিতি তাদের ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্তের কথা জানান। এছাড়া অধিকাংশ মার্কেটের ব্যবসায়ীরা দ্বিধায় ছিলেন।

শুক্রবার বৈঠকে সিলেট চেম্বার সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শফিউল আলম নাদেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী নেতারা অংশ নেন। 

বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে নগরীর বিউটি পার্লার ও সেলুন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

প্রসঙ্গত, বাংলাদেশ দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদকে সামনে রেখে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। বেশ কয়েকটি শর্ত মেনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সারা দেশের শপিং মলগুলো খোলা রাখা যাবে।

আরও পড়ুন

×