ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

বাজারে ঘুরলেন মসজিদে গেলেন করোনা আক্রান্ত যু্‌বক

বাজারে ঘুরলেন মসজিদে গেলেন করোনা আক্রান্ত যু্‌বক
×

মিরসরাই (চট্টগ্রাম) প্রনিতিধি

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৭:২৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চট্টগ্রামের মিরসরাইয়ে আরো একজনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলার খইয়াছড়া ইউনিয়নের উত্তর আমবাড়িয়া গ্রামের ওই রোগী চট্টগ্রাম ইপিজেড এলাকায় কাজ করতেন।

তিনি অসুস্থবোধ করলে গত রোববার করোনা পরীক্ষার নমুনা দিয়ে বাড়িতে চলে আসেন। শুক্রবার দুপুরে তার নমুনার ফলাফল পজেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা:মিজানুর রহমান। 

ওই রোগীর বড় ভাই জানান, তারা চট্টগ্রামের ইপিজেড এলাকায় কাজ করেন। শরীরে জ্বর ও কাশি থাকায় গত ৩ মে তার ভাই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানানো হয় তার করোনা পরীক্ষার ফল পজেটিভ এসেছে। 

এদিকে গ্রামের লোকজন জানান, ওই রোগীর রিপোর্ট আসার আগে তিনি গ্রামে, বাজারে ঘুরে বেড়িয়েছেন। শুক্রবার স্থানীয় মসজিদে গিয়ে জুমার নামাজও আদায় করেছেন। 

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন নিজামী জানান, মসজিদে গিয়ে ওই যুবক জুমার নামাজ আদায়ের বিষয়টি তিনিও কয়েকজনের কাছে শুনেছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, ওই রোগী জ্বর নিয়ে গত ৩ মে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নমুনা দিয়ে বাড়িতে চলে আসেন। কিন্তু বর্তমানে তার শরীরে করোনার কোন উপসর্গ নেই। তাই আবার তার ও তার মায়ের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, ওই রোগী বাড়ি আসার পর থেকে নিয়মিতই মসজিদে নামাজ পড়েছেন। তার উপসর্গ না থাকার সুযোগে গ্রামের দোকান ও বাজারগুলোতে ঘুরে বেড়িয়েছেন। শুক্রবার দুপুরে আমরা তার নমুনা পরীক্ষার ফলাফল নিশ্চিত হয়ে বাড়ি লকডাউন করেছি।

আরও পড়ুন

×