ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রাজশাহীর আম পাড়া যাবে ১৫ মে থেকে

রাজশাহীর আম পাড়া যাবে ১৫ মে থেকে
×

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৭:৫৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

রাজশাহীতে আম পাড়ার সময় নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। অসময়ে আম সংগ্রহ বন্ধ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মে এর আগে কোনো আম নামানো যাবে না। শুক্রবার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মে থেকে সকল প্রকার গুটি আম নামাতে পারবেন চাষিরা। গোপালভোগ আম নামাতে পারবেন ২০ মে থেকে। এ ছাড়া রানীপছন্দ ও লক্ষণভোগ বা লখনা ২৫ মে, হিমসাগর বা খিরসাপাত ২৮ মে, ল্যাংড়া ৬ জুন, আম্রপালি ১৫ জুন এবং ফজলি ১৫ জুন থেকে নামানো যাবে। সবার শেষে ১০ জুলাই থেকে নামবে আশ্বিনা এবং বারী আম-৪।

জেলা প্রশাসক মো. হামিদুল হক স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, অপরিপক্ব আম বাজারজাত ঠেকাতে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। সুষ্ঠুভাবে মনিটরিং করে নির্দিষ্ট সময়েই আম নামানো হবে।

জেলা প্রশাসক হামিদুল হক বলেন, অসময়ে আম পাড়া বন্ধে এবং ক্যালসিয়াম কার্বাইড, পিজিআর, ফরমালিন, ইথিফনের মতো কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে যেন আম পাকানো না হয় তার জন্য নামানোর ক্ষেত্রে সময় বেঁধে দেয়া হয়েছে। বিষয়টি ভ্রাম্যমাণ আদালত এবং পুলিশ কঠোরভাবে মনিটরিং করবে। তবে আবহাওয়ার তারতম্যের কারণে কোথাও নির্ধারিত সময়ের আগে গাছে আম পাকলে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনকে জানিয়ে চাষিরা আম পাড়তে পারবেন।

তিনি বলেন, কৃষিপণ্য লকডাউনের বাইরে থাকায় চাষিদের চিন্তার কোনো কারণ নেই। তাছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে কাজে লাগিয়ে অনলাইনে অর্ডার নিয়ে কুরিয়ারে আম পাঠানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। ইতোমধ্যে সকল উপজেলায় এ ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল হক জানান, গত বছরের সময়ই এবারো বহাল রাখা হয়েছে। তবে কোথাও কোথাও আম পাকার সময় নির্ধারিত সময়ের কিছু কম বেশী হতে পারে। সেটা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করে চাষীরা নামাতে পারবেন। জেলায় এবার ১৭ হাজার ৫৭৩ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১০ হাজার মেট্রিক টন।

আরও পড়ুন

×