সখীপুরে মৃত সেই মালেক করোনাআক্রান্ত ছিলেন না
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৮:৫৩ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
টাঙ্গাইলের সখীপুরে পীরের অনুসারী হিসেবে খ্যাত করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া সেই আবদুল মালেক মিয়ার (৫০) শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। নমুনা সংগ্রহ করা ওই পরিবারের অন্য চার সদস্যের শরীরেও করোনা পজেটিভ পাওয়া যায়নি।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুস সোবহান এ কথা জানান। এদিকে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া আবদুল মালেক মিয়ার জানাজার নামাজ ও দাফন বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের বিধান অনুযায়ী সম্পন্ন হয়। এ ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক বিরাজ করে।
উল্লেখ্য, উপজেলার গজারিয়া গ্রামের মৃত জবেদ আলীর ছেলে আবদুল মালেক করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নিজ বাড়িতে মারা যান। পরের দিন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের বিধান অনুযায়ী মৃত আবদুল মালেকের জানাজা ও দাফন সম্পন্ন হয়। মৃতের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ইসলামী ফাউন্ডেশনের নিয়োজিত ইমামসহ প্রশিক্ষণপ্রাপ্ত কওমী ওলামায়ে পরিষদের প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ সদস্য ওই জানায় অংশ নেন। পরে মৃত মালেকের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত আবদুল মালেক মানিকগঞ্জের এক পীরের অনুসারী ছিলেন। তিনি গোপনে মানিকগঞ্জ ওই পীরের দরবারসহ সতীর্থদের বাড়ি বিভিন্ন জেলা ও উপজেলায় ঘুরে বেড়াতেন। বাড়ি ফেরার পর থেকেই তিনি ঠান্ডা, জ্বর এবং শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা ভুগছিলেন। এ উপসর্গ নিয়ে তিনি মারা যান। গত ৬ মে সমকাল অনলাইনে ‘সখীপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মুত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।