ব্রহ্মপুত্রে ডুবে প্রাণ গেল বাবা-মেয়ের
প্রতীকী ছবি
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ০৯:২৩ | আপডেট: ০৮ মে ২০২০ | ১০:০১
কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। তারা হলেন- বদরগঞ্জ উপজেলার মধ্যপাড়া গ্রামের কাচুয়া শেখের ছেলে সুলতান মিয়া ও তার মেয়ে শিরিনা খাতুন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার উপজেলার মোল্লারহাট ঘাট থেকে সুলতান মিয়া (৪৪), তার স্ত্রী জোবেদা বেগম (২৯), মেয়ে শিরিনা খাতুনসহ (১৩) পরিবারের ৬ সদস্যকে নিয়ে স্থানীয় মাঝি শাহালম মিয়ার নৌকায় সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর গ্রামে বেয়ায় আজিজ মোল্লার বাড়িতে দাওয়াত খেতে রওনা দেন। নৌকাটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্রহ্মপুত্র নদের ফকিরের চর ও মশালের চরের মাঝামাঝি পৌঁছিলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা ১০ যাত্রীর মধ্যে ৮ জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও সুলতান মিয়া ও শিরিনা খাতুন নিখোঁজ হন। পরে শুক্রবার বিকেল ৫টায় তাদের লাশ উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ইউপি সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়রা সুলতান মিয়া ও তার মেয়ে শিরিনার লাশ উদ্ধার করেছে।
উলিপুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।