বগুড়ায় এবার চিকিৎসক ও পুলিশসহ নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৮ মে ২০২০ | ১০:১৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
বগুড়ায় ঢাকাফেরত চিকিৎসক ও পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শুক্রবার রাত ৯টায় এ তথ্য জানিয়ে বলেন, ৮ মে নতুন করে যে পাঁচজনের করোনা পজিটিভ এসেছে তাদের মধ্যে মাত্র একজনের বগুড়া শহরের বাইরে যাওয়ার কোন ইতিহাস নেই। নতুন ওই পাঁচ রোগীকে নিয়ে বগুড়ায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ জন হলো।
বগুড়ার সিভিল সার্জন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিাকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে জেলার মোট ১৮৯টি নুমনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পূর্বে করোনা আক্রান্ত দুই রোগীর এবং নতুন করে ৫ জনেরসহ ৭টি পজিটিভ আসে।
ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ঢাকাফেরত ৪ করোনা আক্রান্তদের মধ্যে ২৭ বছর বয়সী এক চিকিৎসকের বাড়ি শহরের নারুলী উত্তরপাড়া। তিনি গত ৫ মে ঢাকা থেকে বগুড়া আসেন এবং ওইদিনই নমুনা দেন। একইদিন শহরের কৈগাড়ি এলাকার ৩০ বছর বয়সী যে গৃহবধূর নমুনা নেওয়া হয় তিনিও করোনা পজিটিভ। ঢাকাফেরত অন্য দু’জনের একজন পুলিশের এএসআইয়ের বাড়ি শহরের কলোনী এলাকায়। ৩৯ বছরের ওই পুলিশ সদস্য গত ৩ মে ঢাকা থেকে ফেরেন এবং ৪ দিনের মাথায় ৭ মে নমুনা দেন। অপর ব্যক্তির বাড়ি জেলার শাজাহানপুর উপজেলার মণ্ডলপাড়ায়। পেশায় ইজিবাইক চালক ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি ১০ দিন আগে ঢাকা থেকে ফেরেন। তার নমুনা গত ৫ মে সংগ্রহ করা হয়। করোনা পজিটিভ পঞ্চম ব্যক্তির বাড়ি বগুড়া শহরের চেলোপাড়া এলাকায়। স্থানীয় একটি ছ’মিলে কর্মরত ৩০ বছর বয়সী ওই ব্যক্তির নমুনা গত ৭ মে সংগ্রহ করা হয়।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, ইতোপূর্বে করোনা আক্রান্ত দুই রোগীর আরেক দফা নমুনা পরীক্ষার ফলাফলও শুক্রবার পজিটিভ এসেছে। আক্রান্তদের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'আক্রান্তদের সবার সঙ্গে কথা হয়েছে। আমরা শুধু চিকিৎসককে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে একমত হয়েছি। বাকিদের বিষয়ে সিদ্ধান্ত নিতে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং স্থানীয় থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।'