শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ১০:৩৯ | আপডেট: ০৮ মে ২০২০ | ১১:৪৪
বগুড়ার শেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হাফিজার রহমান ওরফে মন্টু মিয়া (৭০) উপজেলার খানপুর ইউনিয়নের চকখাগা গ্রামের মৃত মুসা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চাকরির কারণে ঢাকায় থাকেন তৃতীয় শ্রেণিতে পড়া ওই ছাত্রীর বাবা-মা। তাদের ৯ বছরের শিশু মেয়ে গ্রামে দাদীর কাছে থাকে।
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ওই শিশু ছাত্রী গত বুধবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলা করার জন্য ̈ যাচ্ছিল। এসময় হাফিজার রহমান ওরফে মন্টু মিয়া ওই ছাত্রীকে টেনে নিজের বাড়ির মধ্যে নিয়ে যায়। একপর্যায়ে বাড়িতে কেউ না থাকার সুযোগে সে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।
ওই ছাত্রী চিৎকার শুরু করলে হাফিজার রহমান পালিয়ে যায়। পরে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার দাদীকে বিষয়টি খুলে বলে সে।
পরে নির্যাতনের শিকার ছাত্রীর দাদী বাদী হয়ে বৃহস্পতিবার শেরপুর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার মামলা নেয়া হয়েছে। পাশাপাশি অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।