কোয়ারেন্টাইন শেষে ৪৬ যুবককে ফুল দিয়ে বরণ
কোয়ারেন্টা্ইন শেষ করা যুবকদের হাতে ফুল তুলে দিচ্ছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান -সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ১০:৪৪ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
চাঁদপুরের হাজিগঞ্জ থেকে আসা পঞ্চগড়ের ৪৬ যুবককে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শেষে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
শুক্রবার সকালে উপজেলা সদরের জগদল ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত বরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রবান্নী ও সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন ।
জানা গেছে, জেলার বিভিন্ন এলাকার এসব যুবক চাঁদপুর জেলার হাজিগঞ্জ এলাকায় পল্লী বিদ্যুতের আওতায় ঠিকাদারের হয়ে বিদুৎ সংযোগের কাজ করতেন। করোনার প্রার্দুভাব শুরু হলে তারা গত ২৪ এপ্রিল একসঙ্গে পঞ্চগড়ে আসেন। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান পুলিশি সহায়তায় তাদের জগদল ডিগ্রি কলেজে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেন। এ সময় তাদের খাওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থাও করেন। কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় আনুষ্ঠানিক ভাবে তাদের প্রত্যেককে স্বাস্থ্য বিভাগের ছাড়পত্র ছাড়াও একটি করে গোলাপ, মাস্ক এবং জাতীয় পতাকা তুলে দেন সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। পাশাপাশি তিনি তাদের নিজ নিজ বাড়ি যাওয়ার জন্য ভাড়া বাবদ নগদ টাকাও দেন।
সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, জেলার বাইরে থেকে আসলেও কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হওয়ায় পর তাদের মধ্যে করোনার কোন উপস্বর্গ নেই। এজন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে তাদের আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দেওয়া হয়। একইসঙ্গে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, যাতে অন্যরাও বাইরে থেকে জেলায় প্রবেশ করলে নিজ উদ্যোগে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে আগ্রহী হন।