কমলগঞ্জে চা বাগানে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধার মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২০ | ২০:২৮ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউপির মৃর্তিঙ্গা চা বাগানের পাথরটিলা এলাকার শ্রমিক বস্তিতে জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথা নিয়ে ঘুমের মাঝেই দৈবকী উড়াং (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সুরেশ উড়াংয়ের স্ত্রী। শুক্রবার রাত ৯টায় তার মৃত্যুর খবর পেয়ে নিহতের নুমনা সংগ্রহ করেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা।
মৃর্তিঙ্গা চা বাগানের বাসিন্দা রহিমপুর ইউপি সদস্য ধনা বাউরী বলেন, বিষয়টি প্রথমে নিহতের পরিবার কাউকে জানায়নি। পরে জানা যায়, গত ২/৩ দিন ধরে সুরেশ উড়াংয়ের স্ত্রী দৈবকী উড়াং জ্বর, সর্দি, কাশি ও মাথা ব্যথায় ভুগছিলেন। শুক্রবার তিনি কোন খবার না খেয়ে বিকেলে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৯টায় তাকে খাবারের জন্য ঘুম থেকে তুলতে গিয়ে দেখা যায় বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন দৈবকী উড়াং। পরে বিষয়টি রাতেই কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করলে রাত ১০টায় একজন মেডিক্যাল অফিসারের নেতৃত্বে একটি টিম এসে নিহতের নুমনা সংগ্রহ করে। এ ঘটনার পর থেকে মৃর্তিঙ্গা চা বাগানের সাধারণ চা শ্রমিকদের মাঝে করোনা আতঙ্ক বিরাজ করছে।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, মৃত বৃদ্ধার নুমনা সংগ্রহ করা হয়েছে। শনিবার এ নমুনা সিলেট পাঠানো হবে। নমুনা পরীক্ষার রিপোর্ট না পেলে বোঝা যাচ্ছে না বৃদ্ধা করোনা আক্রান্ত ছিলেন কিনা। তবে আপাতত তার পরিবারের সদস্যদের লকডাউনে থাকতে বলা হয়েছে।